চাঁদাবাজির অভিযোগে যশোরে বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার
জনি নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের ছেলে। কামরুজ্জামানও ওই মামলার আসামি।
যশোরের অভয়নগর উপজেলায় ব্যবসায়ীকে মাটিতে পুঁতে চার কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
একইসঙ্গে তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তুহিনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয় বলে অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান।
আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের ছেলে। কামরুজ্জামানও ওই মামলার আসামি।
আর সাবেক ইউপি সদস্য তুহিন অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ এনে তার স্ত্রী আসমা খাতুন ৩ অগাস্ট অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলায় কামরুজ্জামান মজুমদারকে এক নম্বর আসামি করে জনিসহ মোট ছয়জনকে আসামি করা হয়।
অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জনি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে।
জনির বিরুদ্ধে আরও কিছু মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
