২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মায় বালু উত্তোলন’ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

ফরিদপুরে পদ্মা নদীর পাড়ে একই ব্যক্তির কাছ থেকে দুপক্ষ জমি ভাড়া নেয় বলে জানায় এলাকাবাসী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 07:11 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন।

বুধবার দুপুরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখাঁর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চরভদ্রাসন থানার ওসি আব্দুল গফফার।

আহতরা হলেন- উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর গ্রামের দোপাডাঙ্গী এলাকার বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিশাদ বেগ (৩৫) ও তার ভাই মজিবর বেগ (৫০) এবং তাদের ভাতিজা শোয়েব বেগ (২৪)। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানিয়েছে, ওই এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে এক পক্ষের নেতৃত্ব দেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কে এম ওবায়দুল বারী ওরফে দীপু খাঁ। 

অপরপক্ষের নেতৃত্ব দেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও চরভদ্রাসন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রিশাদ বেগ। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি বালু রাখার জন্য এমপি ডাঙ্গী গ্রামের আওয়াল মুন্সীর মালিকানাধীন পদ্মা পাড়ের এক একর জায়গা ভাড়া নেন ওবায়দুল বারী। একই জমি ভাড়া নেওয়ার দাবি করেন ইউপি সদস্য রিশাদ বেগও।

বুধবার ইউপি সদস্য রিশাদ বেগ তার ভাই মজিবর বেগ ও ভাতিজা শোয়েব বেগ খনন যন্ত্র নিয়ে সেই জমিতে বালু রাখার জন্য আইল দিতে যান। এ সময় ওবায়দুল বারির সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তিনজন আহত হন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বন্ধুসুন্দর সাহা বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থা খারাপ হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রিশাদ বেগের ভাই মুরাদ বেগ বলেন, “ওই জমির মালিক আওয়াল মুন্সী বিদেশে থাকেন। তিনি ওই জায়গায় রিশাদকে ভাড়া দেন। ওই জমিতে কাজ করতে গেলে ওবায়দুল বারীর নেতৃত্বে আমার দুই ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়।”

হামলার অভিযোগ অস্বীকার করে ওবায়দুল বারী বলেন, “আমি আওয়াল মুন্সীর কাছ থেকে জমি ভাড়া নেই। একদল লোক জমিটি দখল করতে আসে। এ সময় প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই হামলার ঘটনা ঘটে। আহতদের রক্ষার চেষ্টা করে ব্যর্থ হই।”

ওসি আব্দুল গফফার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় আহতরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।