মাগুরায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াজ্জিনের মৃত্যু
রাতে বিদ্যুৎ না থাকায় গরম থেকে কিছুটা স্বস্তি পেতে মসজিদের ছাদে ওঠেন ইব্রাহিম।
মাগুরা শহরের একটি মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের স্টেডিয়াম গেট এলাকায় আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত মোহাম্মদ ইব্রাহিম (২২) মাগুরা সদরের বড়শোলই গ্রামের শুকুর সর্দারের ছেলে।
ইব্রাহিম শহরের নান্দুয়ালী মধ্যপাড়া কাজী বাড়ি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তিনি তাবলিগ জামায়াতের সফরে অংশ নিতে আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসার মসজিদে অবস্থান করছিলেন।
তার সঙ্গে থাকা তাবলিগের সাথীদের বরাতে পুলিশ জানায়, রাতে বিদ্যুৎ না থাকায় গরম থেকে কিছুটা স্বস্তি পেতে মসজিদের ছাদে ওঠেন ইব্রাহিম। এ সময় ছাদের পাশ ঘেঁষে থাকা মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাবেলীগের সাথীরা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহটি হাপাতাল মর্গে রাখা হয়েছে; ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
