২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আবারও বাড়ছে উব্ধাখালি নদীর পানি

উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 02:06 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

নেত্রকোণার প্রধান নদী উব্ধাখালি নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বাড়ছে সোমেশ্বরী ও ধনু নদীর পানিও। তবে কংশ নদের পানি কমছে।

বৃহস্পতিবার সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, দ্বিতীয় দফায় উব্ধাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করায় বন্যা দেখা দেয়।

গত পাঁচদিন দিন ধরে নদীটির পানি কমতে থাকায় লোকালয় থেকে পানি নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তবে গত ২৪ ঘণ্টায় এ নদীর পানি আবারও ৪ সেন্টিমিটার বেড়েছে।

নির্বাহী প্রকৌশলী বলেন, “বৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বুধবার যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এর আগে দ্বিতীয় দফার বন্যায় নদীটির পানি সর্বোচ্চ বেড়ে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপরে উঠেছিল।”

“সকাল ৯টা নাগাদ জেলার পাহাড়ি অঞ্চলের সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ দশমিক ৮৮ মিটার ও দুর্গাপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ২১ মিটার নিচ দিয়ে বইছে। এছাড়া হাওরের ধনু নদীর পানি খালিয়াজুরী পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে দিয়ে বইছে।”

তবে কংশ নদের পানি জারিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১ দশমিক ৪৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পাউবোর প্রকৌশলী সারোয়ার জাহান।