১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেল, আহত ২০

বিএনপির অন্তত ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেল, আহত ২০

বিএনপির মিছিল কুমিল্লা নগরীর চকবাজার ডাচ বাংলা ব্যাংকের কাছে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 11:29 AM

Updated : 29 Oct 2023, 11:29 AM

কুমিল্লা নগরীতে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

এতে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পাশাপাশি বিএনপির অন্তত ২০ নেতা-কর্মী আহত এবং ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর চকবাজার ডাচ বাংলা ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন।

বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিমতলী এলাকা থেকে মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।

মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় হয়ে রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় প্রথমে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। পরে লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর নগরীর সবকটি পথ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলটি নগরীর চকবাজার যাওয়া মাত্র পুলিশ অতর্কিত লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে।

“এ সময় আমাদের কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হন। গ্রেপ্তার করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাসসহ ১২ জনকে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

“এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, “জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। হরতালের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। আজকের ঘটনার বিষয়ে পরবর্তীতে জানানো হবে।”