টানা বর্ষণে জলমগ্ন বাগেরহাট শহর
জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একদিনের টানা বৃষ্টিতে বাগেরহাট পৌরসভাসহ জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার সকাল থেকে জেলাজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। শহরের আমলাপাড়া, খানজাহান আলী সড়ক, বাসাবাটি, সাধনার মোড়, খারদ্বার, আলীয়া মাদ্রাসা এলাকা ঘুরে রাস্তাঘাট ও বাসাবাড়ির সামনে পানি জমতে দেখা গেছে।
এ সব এলাকার কোথাও-কোথাও হাঁটু সমান পানিও রয়েছে। আর পানির সঙ্গে ড্রেনের ময়লা-আবর্জনাও জমে আছে রাস্তাঘাটে।
এ ছাড়া শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে নিম্নাঞ্চলের কিছু মাছের ঘের বৃষ্টির পানিতে ছুঁইছুঁই অবস্থা।
তবে কৃষি বিভাগ জানিয়েছে, এই বৃষ্টিতে ফসলের উপকার হবে।
আমলাপাড়া এলাকার বাসিন্দা মাসুম শেখ বলেন, “বৃষ্টিতে রাস্তাঘাট, ড্রেন তলিয়ে গেছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় দুর্ভোগ বেড়েছে।”
দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, “আমন ধানের মৌসুম শুরু হয়েছে। এখন জমি মালিকরা বীজতলা তৈরি শুরু করেছে।
“চলতি মৌসুমে উপকূলীয় জেলা বাগেরহাটে তুলনামূলক বৃষ্টিপাত কম হয়েছে। পানিতে লবণাক্ততা রয়েছে।”
তিনি আরও বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই বৃষ্টিতে আমন আবাদে দারুণ উপকার হবে। পানিতে থাকা লবণাক্ততা অনেকটাই কেটে যাবে। মাঠে অন্য সবজি রয়েছে তার তেমন একটা ক্ষতি হবে না বলে জানান এই কৃষি কর্মকর্তা।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) এস এম রাসেল বলেন, “জেলায় ছোট-বড় মিলিয়ে ৬৭ হাজার মাছের ঘের রয়েছে। টানা বৃষ্টিতে নীচু এলাকার কিছু মাছের ঘের পানি ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। এসব এলাকার ঘের মালিকদের পাড়ের চারপাশ দিয়ে নেট দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “আজকের মত আরও দুইদিন টানা বর্ষণ অব্যাহত থাকলে নিচু এলাকার মাছে ঘের ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, উপকূলজুড়ে গত দুদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পৌর শহরসহ নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।
তিনি বলেন, তবে এই জলাবদ্ধতা অস্থায়ী। বৃষ্টি থেমে গেলে এই পানি নেমে যাবে।
পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে আরও ভালো হয় সেজন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।
