২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দাফনের ৪৭ দিন পর কবর থেকে নারীর লাশ উত্তোলন

একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই প্রসূতির মৃত্যুর অভিযোগ আছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 11:51 PM

Updated : 08 Oct 2022, 11:51 PM

গাজীপুরের কালীগঞ্জে মারা যাওয়ার ৪৭ দিন পর কবর থেকে এক প্রসূতির লাশ উত্তোলন করা হয়েছে। একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই প্রসূতির মৃত্যুর অভিযোগ আছে।

শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহীর উপস্থিতিতে কালীগঞ্জের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের একটি কবরস্থান থেকে লাশটি তোলা হয়।  ‍

গত ২১ অগাস্ট রাতে উপজেলার জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়ানস্টিক সেন্টারে মারা যান শিরিন আক্তার (৩০) নামের ওই প্রসূতি।

এ ঘটনায় ২৪ আগস্ট রাতে শিরিন আক্তারের স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাত-আট জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার নথির বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান জানান, শিরিন আক্তার প্রসব বেদনা নিয়ে কালীগঞ্জে জনসেবা হাসপাতালে ভর্তি হন। সেখানে রক্তশূন্য প্রসূতি শিরিনার ‘এবি পজেটিভ’ রক্তের প্রয়োজন থাকলেও তাকে ‘বি পজেটিভ’ রক্ত দেওয়া হয়। পরে প্রসূতির অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে শিরিন আক্তার মারা যান।

মামলায় র‌্যাব ওই হাসপাতালের পরিচালক, নার্স ও কর্মচারীসহ ছয় জনকে গ্রেপ্তার করে এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গত ২৫ অগাস্ট আদালতে আবেদন করা হয়। রিমান্ড শুনানি শেষে গাজীপুরের বিচারিক হাকিম আদালত-২ এর বিচারক রাগীব নূর প্রত্যেককে দুই দিন করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত অগ্রগতির জন্য গ্রেপ্তার বন্যা আক্তার (৩১) ও আশিকুর রহমানকে (২৫) আরও পাঁচ দিন জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে সেই আবেদন নামঞ্জুর হয়।

১০ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার পরিদর্শক আনিসুর রহমানের সুপারিশসহ মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্তের জন্য গাজীপুর বিচারিক হাকিম আদালত-৩ এ শিরিন আক্তারের লাশ কবর থেকে উত্তোলনের আবেদন করেন।

আদালতের জ্যেষ্ঠ বিচারক ইসরাত জেনিফার জেরিন ১৮ সেপ্টেম্বর আবেদন মঞ্জুর করেন।

পাশাপাশি এ ঘটনায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের চিকিৎসক সানজিদা পারভীনকে আহ্বায়ক, চিকিৎসক মুনমুন আক্তার ও অ্যানেস্থশিয়া বিশেষজ্ঞ মো. এমরানের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি হয়।

লাশ তোলার সময় অন্যদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মশিউর রহমান খান, স্থানীয় ইউপি সদস্য সাদিকুর রহমান, মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।