Published : 15 Jan 2026, 11:21 AM
জাতীয় নির্বাচন কমিশনের কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন শর্তহীনভাবে আয়োজনের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়ার পর স্বাক্ষর প্রত্যাহারের আবেদন করেছেন চারজন প্রার্থী।
বুধবার সন্ধ্যায় শাকসু নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্রগুলো জমা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
তিনি বলেন, “স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহারের জন্য দুজন ভিপি প্রার্থী সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটার দিকে আবেদন করেছে। এছাড়া আরও দুজন প্রার্থীও এর আগে স্বাক্ষর প্রত্যাহারের জন্য আবেদন করেছে। প্রার্থীদের আবেদনগুলো আমরা রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দিয়েছি।”
স্মারকলিপি থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করা চার প্রার্থী হলেন- ছাত্রদল সমর্থিত প্যানেল সম্মিলিত ‘সাস্টিয়ান ঐক্যের’ ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক প্রার্থী তাজুল ইসলাম, সদস্য প্রার্থী আফফান এবং স্বতন্ত্র ভিপি প্রার্থী মুমিনুর রশীদ শুভ।
ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ নাম প্রত্যাহারের আবেদনে লিখেছেন “নির্বাচন কমিশনে প্রদত্ত স্মারকলিপিতে স্বাক্ষর করেছিলাম। বর্তমান প্রেক্ষাপটে আমার দৃঢ়ভাবে মনে হচ্ছে উক্ত স্মারকলিপির মাধ্যমে আমাদেরকে পূর্বের ন্যায় পুনরায় ‘বলির পাঁঠা’ বানানোর অপচেষ্টা করা হচ্ছে। এমতাবস্থায় আমি স্বজ্ঞান ও স্বেচ্ছায় আমার স্মারকলিপিতে প্রদত্ত স্বাক্ষরটি প্রত্যাহার করে নিচ্ছি।”
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুস্তাকিম বলেন, “আমাদের স্মারকলিপি দেওয়ার সঙ্গে শাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়ভার নিয়ে ইসির কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অঙ্গীকারনামা দেওয়ার কথা; কিন্তু প্রশাসন সেটা দিচ্ছে না।
“তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকারনামা ছাড়া ইসির কাছে আমাদের স্মারকলিপি জাস্ট একটি মূলা ঝুলানো।”
তিনি বলেন, “দ্বিতীয়ত এই চিঠি দেওয়া হয়েছে বুধবার বিকালে। মাঝখান দিয়ে শুক্রবার-শনিবার দুইদিন বন্ধ। ফলে ইসি থেকে এর উত্তর আসতে আসতে নির্বাচনের সময় ঘনিয়ে আসবে; কিন্তু আমাদের অনেকেই প্রচারণা করছে না।
“তৃতীয়ত প্রার্থীরা যে স্মারকলিপিতে স্বাক্ষর করেছে তা সামনে অঙ্গীকারনামা হিসেবে ব্যবহার করতে পারে। এসব শঙ্কা থেকেই আমি নাম প্রত্যাহার করে নিয়েছি।”
স্বতন্ত্র ভিপি প্রার্থী মুমিনুর রশীদ শুভ স্বাক্ষর প্রত্যাহারের জন্য প্রত্যাহারপত্রে লেখেন, “আমি ১৪ জানুয়ারিতে নির্বাচন কমিশন প্রদত্ত একটি স্মারকলিপিতে স্বাক্ষর প্রদান করেছিলাম। বর্তমান প্রেক্ষাপট আমার দৃঢ়ভাবে মনে হচ্ছে উক্ত স্মারকলিপির মাধ্যমে আমাদেরকে পূর্বের ন্যায় বিপদে ফেলানোর অপচেষ্টা করা হচ্ছে। এমতাবস্থায় আমি আমি স্বেচ্ছায় স্মারকলিপি থেকে প্রদত্ত স্বাক্ষটি প্রত্যাহার করে নিচ্ছি।”
শাকসু নির্বাচন আয়োজন না করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা ধরনের ‘অপতৎপরতার’ চেষ্টা করছে বলে অভিযোগ এ স্বতন্ত্র ভিপি প্রার্থীর।
শুভ বলেন, “শাকসু নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে নেওয়া হয়েছে, যাতে নির্বাচনটি বানচাল করা যায়। এখন শাকসু কেন্দ্রিক যদি ঝামেলা হয়, তাহলে স্মারকলিপিতে আমার স্বাক্ষরকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যেকোন পক্ষ আমাকে বিপদে ফেলতে পারে। সেজন্য আমি স্বাক্ষর প্রত্যাহারপত্র দিয়েছি।”
এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টায় ছাত্রদল সমর্থিত ‘সাস্টিয়ান ঐক্যের’ প্যানেলের ভিপি প্রার্থী, ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল ‘সাধারণের ঐক্যস্বরের’ ভিপি প্রার্থী ও স্বতন্ত্র ভিপি প্রার্থী মুমিনুর রশীদের স্বাক্ষরসহ মোট ৭৬ জন প্রার্থীর স্বাক্ষর সংবলিত লিপি জমা দেওয়া হয়।
‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ভিপি প্রার্থী মুঁহয়ী শারদ স্মারকলিপি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
স্মারকলিপিতে তারা লেখেন, “গত ১২ জানুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে আসন্ন শাকসু নির্বাচনের পথে বাধা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন থেকে মনে করা হচ্ছে, শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। আমরা শাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা মনে করি যে, জাতীয় নির্বাচনের সঙ্গে শাকসু নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা ও সাংঘর্ষিকতা নেই। আসন্ন শাকসু নির্বাচন কোনোভাবেই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না।”
“শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা বা মুচলেকা চাওয়া কোনভাবেই সম্মানজনক না। আমরা এই ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করি। এজন্য আমরা আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সদিচ্ছা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে কোন বাধা নেই। সুতরাং আমরা পূর্বনির্ধারিত সময়ে যে কোন কর্তৃপক্ষ থেকে নতুন কোন শর্ত আরোপ ছাড়াই শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানাই।”
শাকসু: ইসিতে দেওয়া স্মারকলিপিতে শর্তহীন নির্বাচনের দাবি
শাকসু নির্বাচনের অনুমতি দিতে 'লিখিত অঙ্গীকার চায়' ইসি, প্রত্যাখ্য প্রার্থীদের