২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: গ্রেপ্তার পাঁচজনই দিলেন জবানবন্দি

সবশেষ তিন দিনের রিমান্ড শেষে আসামি ইসমাইল জবানবন্দি দেন; এর আগে দিয়েছেন আরও চার আসামি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 08:41 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। 

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ইসমাইল হোসেন ওরফে জনি (২৮) নামের ওই আসামি কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ষষ্ঠ আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে এই জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা টিটু কুমার নাথ বলেন, তিন দিনের রিমাণ্ড শেষে ইসমাইলকে দুপুর ১২টায় আদালতে উপস্থাপন করা হয়। পরে তিনি বিচারকের খাস কামরায় জবানবন্দি দেন। শেষে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার রাতে বিচারক আবিদা সুলতানা মলি শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। 

একই দিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও চার আসামি আদালতে জবানবন্দি দিয়েছিলেন। তারা হলেন- সোহাগ, এমরান, রাহাত ও সুজন। তারা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।

তদন্ত কর্মকর্তা বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং অন্যদের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে ও খতিয়ে দেখা হচ্ছে।”

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা ৩৫ বছর বয়সী বুলেট বৈরাগী। পর দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত সলাশ উদ্ধার করে পুলিশ।

কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি সেখান থেকেই গত ১১ এপ্রিল ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, বুলেট বৈরাগী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার জন্য ওইদিন রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে তিনি ঢাকাগামী বাসে ওঠেন। পথে তার কুমিল্লা বাইপাসে নেমে যাওয়ার কথা। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে ফোন করে তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন বলে জানান।

তবে তার মা নীলিমা বৈরাগী বলেন, শেষবার কথা বলার সময় তার ছেলের কণ্ঠ অপরিচিত মনে হয়েছিল।

কিন্তু কথা বলার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এর পরপরই সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।

পুলিশ বলছে, নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল। এছাড়া তার সঙ্গে মোবাইল বা ব্যাগসহ অন্য কিছুও পাওয়া যায়নি।

নিহত বুলেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া বাবুপাড়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগদান করেন।

চাকরির সুবাদে কুমিল্লা শহরের রাজগঞ্জ সংলগ্ন পানপট্টি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন তিনি। তার বাবা, মা ও স্ত্রী ছাড়াও এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন:

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: চারজনের জবানবন্দি, একজন রিমান্ডে

সড়কের পাশে কাস্টমস কর্মকর্তার লাশ: র‌্যাব হেফাজতে ৫ জন

স্বামীর সঙ্গে কী ঘটেছে, একটাই জিজ্ঞাসা ঊর্মির

কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবি