শ্রীপুরের হত্যা মামলার আসামি মৃত ব্যক্তি
“মৃত ব্যক্তির নাম মামলায় থাকলে তদন্ত করে বাদ দেওয়া হবে।”
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে এক কলেজছাত্র নিহতের ঘটনায় মৃত এক ব্যাক্তিকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার শ্রীপুর থানায় মামলাটি দায়ের করা হয়। রোববার দুপুরের দিকে ঘটনাটি জানাজানি হলে উপজেলার কাওরাইদ ইউনিয়নে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
মামলার আসামি আবুল কালাম ওরফে কালা মিয়া (৫৫) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শহর আলীর ছেলে। তিনি গত ২৫ সেপ্টেম্বর মারা যান।
মৃত ব্যক্তির স্বজনরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, গত ৫ অগাস্ট গুলিতে কলেজছাত্র আসীর ইনতিশারুল হক (২১) নিহত হয়। প্রায় দুই মাস পর শুক্রবার তার বাবার দায়ের করা মামলার আসামি আবুল কালাম।
মামলায় কালামসহ আওয়ামী লীগের ২২৭ জন নেতাকর্মী-সমর্থকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ১০০ থেকে ১৫০ জন এ মামলার আসামি।
নিহত কালামের ছেলে আলমগীর হোসেন বলেন, “আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি গত ২৫ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ্ হয়ে মারা গেছেন।
“শনিবার শুনলাম বাবার নামে হত্যা মামলা রুজু হয়েছে। বিষয়টি কষ্টকর ও বেদনা দায়ক।”
কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য আলম খান বলেন, ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় কালা মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনিসহ স্বজন ও এলাকাবাসী মৃত ওই ব্যক্তির জানাযায় অংশ নেন। পরে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ প্রসঙ্গে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “নাম দেওয়ার বিষয়টি একমাত্র বাদীর এখতিয়ার। থানায় দেওয়া বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। মৃত ব্যক্তির নাম মামলায় থাকলে তদন্ত করে বাদ দেওয়া হবে।”
এ বিষয়ে কথা বলথে মামলার বাদীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
