Published : 28 Mar 2026, 03:41 PM
ঈদের ছুটি শেষে কর্মস্থল অভিমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানিকগঞ্জের পাটুরিয়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পরে শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে পাটুরিয়া থেকে গাবতলীর ভাড়া তিনশো টাকা থেকে কমিয়ে দুইশো টাকা নেওয়া শুরু করা হয়।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন বাস চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার।
সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন কুষ্টিয়ার কামাল হোসেন। তিনি সাভার নবীনগর যেতে লোকাল গাড়িতে উঠেছেন।
তিনি বলেন, “পাটুরিয়া বাসস্ট্যান্ডে এসে দেখি গাড়িতে উঠলেই তিনশো চাচ্ছে, অন্য সময় ১২০ টাকা দিয়ে নবীনগর যাই। আজ বেশি চাচ্ছে। পরে স্ট্যান্ডে ম্যাজিস্ট্রেট আসতেই তারা ২০০ টাকা ভাড়ায় বাসে উঠিয়েছে।”

আরও কয়েকজন যাত্রী অভিযোগ করেন, কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সেলফি, নীলাচল, শুভযাত্রা, সেবালিং, ডি লিংক, পলাশ, ওয়েলকামসহ সাভার- চন্দ্রা রুটের কয়েকটি গাড়ি অতিরিক্ত ভাড়া নিচ্ছে।
তারা বলেন, পাটুরিয়া থেকে সাভারের নবীনগর ১০০-১২০ টাকা হলেও পরিবহনগুলো দুইশো টাকা নিচ্ছে, গাবতলীর ভাড়া ১৬০-১৮০ টাকা হলেও নিচ্ছে তিনশো টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার বলেন, “অতিরিক্ত ভাড়া নেয়ায় তিনজন বাসচালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা স্পটে রয়েছি। যাত্রীদের সঙ্গে কথা বলছি, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে।”