যশোরে পাওয়ার টিলারের ধাক্কায় বাইক আরোহী দম্পতি নিহত
ঝিকরগাছা থেকে মণিরামপুর ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান স্বজনরা।
যশোরের মনিরামপুর উপজেলায় পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকোশপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক।
নিহতরা হলেন- রণজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)।
রণজিতের ভাই জীবন কুমার দাস বলেন, তার ভাই কলেজ শিক্ষক, আর বউদি স্বাস্থ্যকর্মী। ঝিকরগাছা থেকে তারা মোটরসাইকেলে করে মণিরামপুরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তারা রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। লাশ দুটি মর্গে রাখা হয়েছে।
