নবাবগঞ্জের ইউপি চেয়ারম্যান শিরিন বিমানবন্দরে আটক
শিরিন চৌধুরী ও তার স্বামী অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে যান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, বুধবার দুপুরে আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে যান।
এ সময় ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে শিরিন ইউপি চেয়ারম্যানের পরিচয় দেন। পরে তারা বিষয়টি নবাবগঞ্জ থানাকে অবগত করেন। থানা থেকে জানানো হয়, শিরিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে দুজনকে আটক করা হয়।
ওসি বলেন, সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ দুজনকে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
