সীমান্তে বিএসএফের গুলিতে নিহত: ৮ দিন পর লাশ পরিবারের হাতে
ভারতে চিকিৎসাধীন অবস্থায় ৫ ডিসেম্বর তার মৃত্যু হয়, বলছে বিজিবি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গুলিতে নিহত হওয়ার আট দিন পর এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ৪৭-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী ও আইনশঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহতের লাশ ফেরত দেওয়া হয়।
নিহত ২৪ বছর বয়সী শান্ত দৌলতপুর উপজেলার ১১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের বাসিন্দা শিপন আলীর ছেলে।
বিজিবি বলছে, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে ১০ থেকে ১২ জন বাংলাদেশি ‘মাদক চোরাকারবারী’ মাদক পাচারের উদ্দেশ্যে ভারত প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়।
আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালালে শান্ত গুলিবিদ্ধ হয়। পরে বিএসএফ গুলিবিদ্ধ শান্তকে আটক করে চিকিৎসার জন্য ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে শান্তর মৃত্যু হয়।
বিজিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহত শান্তর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
