২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার রায়ের পর ফরিদপুরে ২ বাড়িতে হামলার অভিযোগ

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং তার ভাই সিদ্দিক মাতুব্বরের বাড়িতে দ্বিতীয় দফায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গণঅভ্যূত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

রায়ের পর সোমবার সন্ধ্যায় উপজেলার ময়েনদিয়া বাজার সংলগ্ন পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং তার ছোট ভাই সিদ্দিক মাতুব্বরের বাড়িতে এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। 

তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানেন না। ভুক্তভোগী কেউ কোনো অভিযোগ দেয়নি।  

পরমেশ্বরদী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর আওয়ামী লীগেরও নেতা। তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের মামলার সাক্ষী ছিলেন। তার ভাই সিদ্দিকী মাতুব্বর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তারা আত্মগোপনে আছেন। বাড়িতে শুধু নারীরা থাকেন। ৫ অগাস্ট পরবর্তী সময়ে এ নিয়ে তাদের বাড়িতে দ্বিতীয় দফায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সিদ্দিক মাতুব্বরের এল প্যাটার্নের আধা পাকা বাড়িতে অনেক জায়গাতেই ভাঙচুর করা হয়েছে। ঘরের ভেতরের আসবাবপত্রও তছনছ করা হয়েছে। এ ছাড়া সাবেক চেয়ারম্যান মান্নান মোল্লার একতলা ভবনের ফটকে সামনের দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর ময়েনদিয়া বাজারে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন জায়গা ঘুরে সন্ধ্যার দিকে বাজার সংলগ্ন সিদ্দিক মাতুব্বরের বাড়ির সামনে যায়। 

মিছিলকারীরা প্রথমে সিদ্দিক মাতুব্বর এবং পরে মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা চলাকালে পাশের ডহরনগর পুলিশ ফাঁড়ির কয়েক সদস্য ঘটনাস্থলে এলে হামলাকারীরা চলে যায়।

হামলা-ভাঙচুরের বিষয়ে সিদ্দিক মাতুব্বর অভিযোগ করেন, “পাশের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর আত্মীয়-স্বজন ও ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা মাহাবুব হাসান সজিবের সমর্থকরা এ হামলায় অংশ নেয়।

“আমার ভাই মান্নান মাতুব্বর যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদের মামলার সাক্ষী ছিলেন। এই রেশ থেকেই আজাদের ছেলে ও স্বজনরা শেখ হাসিনার রায়ের পরে আনন্দ মিছিলের নামে আমাদের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়।” 

তিনি বলেন, “ময়েনদিয়ার ব্যবসায়ী মাহাবুব হাসান সজিব আমাদের বাড়ির আশপাশের লোকজনকে এ ঘটনার ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করে এসেছে মঙ্গলবার সকালে গিয়ে।”

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম আজাদের ছেলে মাসুম বিল্লাহ ওরফে জিহাদ। তিনি বলেন, সপ্তাহ খানেকের বেশি সময় ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। 

জিহাদ বলেন, “আমার বাবার বিরুদ্ধে শুধু মান্নান মাতুব্বর একা নন, আরো অনেকে সাক্ষী দিয়েছেন। আমরা জানি, তারা নিজে থেকে এ সাক্ষী দেননি, জোর করে দেওয়ানো হয়েছিল। তবে কোনো সাক্ষীর সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক খারাপ না। এ এলাকায় কোনো কিছু ঘটলেই আমাদের জড়িয়ে দেওয়া হচ্ছে।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ অক্টোবর সকালে মান্নান মাতুব্বর ও সিদ্দিক মাতুব্বরের বাড়িতে প্রথম দফা হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। 

এ ঘটনায় বোয়ালমারী থানায় আবুল কালাম আজাদের ছেলে ও স্বজনদের আসামি করে একটি মামলা হয়। 

ময়েনদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুব হাসান সজিব বলেন, সোমবার বিকালে তিনি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে পাশের সালথা উপজেলার একটি গ্রামে কাজে গিয়েছিলেন। 

“রাত সাড়ে ৮টার দিকে আমি বাজারে ফিরে জানতে পারি, মান্নান মাতুব্বর ও সিদ্দিক মাতুব্বরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা এ কাজ ঘটিয়েছেন তা আমার জানা নেই।”

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল আমীন বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব পালনে ভাঙ্গা এলাকায় ছিলেন। তবে এ জাতীয় কোনো ঘটনা ঘটলে বোয়ালমারী থানায় কথা বলতে বলেন তিনি।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ময়েনদিয়া এলাকায় সোমবার হামলা-ভাঙচুরের ঘটনা ঘটলে সে বিষয়ে ডহরনগর ফাঁড়ি নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।