বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মোস্তাফিজুর রহমান
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও প্রভোস্টের দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমান।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক গত ৩ সেপ্টেম্বর থেকে গাজীপুরে অবস্থিত এ বিশ্ববিদ্যালেয়ের ‘জরুরি প্রশাসনিক ও আর্থিক’ দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক মোস্তাফিজুর বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন। সরকারের পালাবদলের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনের ধারাবাহিকতায় তিনি অধ্যাপক গিয়াসউদ্দীন মিয়ার স্থলাভিষিক্ত হলেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক মোস্তাফিজুর এর আগে বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও প্রভোস্টের দায়িত্বও পালন করেন।
তিনি বাংলাদেশের এসিড মাটি অঞ্চলের জন্য বিশেষ চুন প্রযুক্তি উদ্ভাবনে সক্রিয় ভূমিকা রাখেন।
নতুন উপাচার্য ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি এবং ১৯৯৩ এ মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পরে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের পেস্টিসাইড টক্সিকোলজি ল্যাবরেটরি থেকে ‘মৃত্তিকা দূষণ গবেষণা’ বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন।
ময়মনসিংহে জন্ম নেওয়া মোস্তাফিজুর রহমান প্রায় ১৪ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান চীনের বিজ্ঞান একাডেমি ও সৌদি আরবের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন ভিজিটিং অধ্যাপক হিসেবে গুরুত্বপূর্ণ গবেষণা করছেন। তার ১০০টিরও বেশি প্রকাশনা রয়েছে, যার অধিকাংশ এসসিআই থমসন রয়টার্সে প্রকাশিত।
তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় রসায়ন, জীববিজ্ঞান ও পরিবেশ প্রকৌশল সমিতি, আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান ইউনিয়নের সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এই গবেষক মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিল্প দূষণ মূল্যায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে অনেক গবেষণা প্রকল্পের তত্ত্বাবধান করেছেন। তিনি ২৮ জন শিক্ষার্থীর পিএইচডি ও ৪৮ জনের এমএস গবেষণা তত্ত্বাবধান করেছেন।
