২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: গাজীপুর পুলিশ কমিশনার

মহাসড়কে অটোরিকশা উঠলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাজমুল করিম খান।

বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: গাজীপুর পুলিশ কমিশনার
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সংবাদ সম্মেলনে কথা বলেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া নিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

চালকদের উদ্দেশে তিনি বলেছেন, গাড়িতে উঠার আগেই গাড়ি চেক করে নিবেন। যাতে রাস্তায় গাড়ি বন্ধ না হয় বা বিকল হয়ে না যায়। এ ছাড়া বেশি ভাড়া নিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রাপথে গাড়ির চাকা ঘুরবে, মানুষ গাড়িতে উঠবে, কোথাও চাকা বন্ধ হবে না।

ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এবার ঈদে টানা নয় দিনের সরকারি ছুটি ছাড়াও গাজীপুরে কলকারখানার ছুটিতে মানুষ গ্রামে ফিরছেন। একই সময়ে এ ছুটি শুরু হওয়ায় সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। যানজট ও জনজট নিরসনে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, “যানজট নিরসনে কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। মহাসড়ক থেকে যেসব ফিডার রোড রয়েছে, অটোরিকশাগুলো সেখানে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে যাত্রী উঠানামা করবে। 

“এ জন্য অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করছি। আর অটোরিকশা মহাসড়কে উঠলে তার বিরুদ্ধে ডাম্পিংসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উপলক্ষে বাসের ভাড়া বেশি নেওয়া হলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, যানজট প্রবণ এলাকায় ড্রোন দিয়ে ছবি ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়ক থেকে হকার উচ্ছেদ করা হয়েছে।

“যাতে কোথাও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি না হয়। এ ছাড়া সড়কে যত্রতত্র পার্কিং করা যাবে না। এর মধ্যে মহাসড়কে অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে দোকান বসা নিয়ে হকারদের সঙ্গে চোর-পুলিশ খেলা বন্ধ করা হবে।” 

যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও কাজ করছেন বলে জানান নাজমুল করিম খান। 

তিনি বলেন, মহাসড়কে কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ করা হবে। সড়কের সব খানাখন্দ মেরামত করা হয়েছে। মহাসড়কে সিটি করপোরেশনের কোনো ময়লা ফেলা যাবে না।

এরপরও কোথাও ময়লা জমে গেলে তা দ্রুত সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন পুলিশ কমিশনার।

ছিনতাইয়ের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে জানিয়ে তিনি বলেন, “আগের চেয়ে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তারপরও ছিনতাইকারীকে ছাড়া হয়নি। 

“অনেকে চাকরি হারিয়ে ছিনতাইয়ে নেমেছে। তাদেরকে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঈদে বাড়ি ফেরার সময় নাগরিকদের ঘরে তালা দেওয়া ছাড়াও মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে কিংবা নিরাপদ হেফাজতে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার। 

এ সময় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহান, উপ-কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল আলম, উপ-কমিশনার মো. মহিউল ইসলাম এবং এডিসি (ট্রাফিক) অশোক কুমার পালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে চালকদের মাঝে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ কমিশনার।