রংপুরের জোড়া খুনের মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড
২০১৮ সালের ২৮ জুলাই সকালে পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
রংপুরে রফিকুল ও আব্দুর রাজ্জাক মণ্ডল নামে দুই ব্যক্তিকে হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন আহাম্মেদ জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-হারুন মণ্ডল ও আব্দুর রশীদ ওরফে নান্নু মণ্ডল।
এ মামলায় আকমল হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশের পাহারায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ২৮ জুলাই সকালে পীরগঞ্জ উপজেলার দুবরাজপুর মজিলা তাহেরপুর গ্রামে নিজের জমিতে আব্দুর রাজ্জাক মণ্ডল ও তার ছোট ভাই সামসুল মণ্ডল স্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের বাধা দেওয়া হয়। বাধা না মানায় হারুন মণ্ডল ও আব্দুর রশীদ ওরফে নান্নু মণ্ডল ও আকমল হোসেন তাদের কোদাল দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় রাজ্জাক ও সামসুলের চিৎকারে তাদের ভাতিজা রফিকুল ইসলাম এগিয়ে গেলে তাকেও কোদাল দিয়ে কোপানো হয়। পরে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। পরে রফিকুলও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহত রাজ্জাকের মেয়ে আরিফা বেগম বাদী হয়ে হারুন, রশীদ ও আকমলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
পরে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে রায় দেন বিচারক।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন জানান।
