১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 01:53 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে সিরাজগঞ্জসহ দেশের উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এই যাত্রায় দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা। 

শনিবার সকালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে প্রচুর যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। বাস, পিকআপ ও ট্রাকে করে যেভাবে পারছে ঢাকার পথে ছুটছে। 

সেখানে ঢাকাগামী বাসের অপেক্ষায় থাকা যাত্রী বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় যানবাহনের স্টাফরা দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছে। তারা বাসের সিট প্রতি ৮ থেকে ১ হাজার এবং দাঁড়ানো যাত্রীর কাছ থেকে ৫ থেকে ৬ শত টাকা করে ভাড়া আদায় করছে। 

এছাড়াও ট্রাক ও পিকআপে জনপ্রতি ৫ থেকে ৬ শত টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। 

আরেক যাত্রী মরিয়ম খাতুন বলেন, “ঢাকা থেকে বাড়ি আসার সময় অতিরিক্ত ভাড়া দিয়েছি। আবার ঢাকায় ফেরার পথেও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরদারী করা উচিত।” 

বাড়তি ভাড়ার বিষয়ে অবগত করা হলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম শনিবার বেলা ১২টার দিকে বলেন, এসব বিষয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ থাকার কথা। বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

এদিকে, সকাল ১০টা পর্যন্ত যানবাহনের চাপে যমুনা সেতু এলাকায় ধীরগতি থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, “সেতুর ওপরে কয়েকটি দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সেতু দিয়ে যানবাহন পারাপারে সমস্যা ছিল। যে কারণে সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে যানবাহনে ধীরগতি ছিল। সকাল ১০টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।” 

যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “গতরাতে সেতুর ওপরে কয়েকটি লোকাল বাস নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন পারাপারে কিছুটা সমস্যা হয়েছিল। যে কারনে সেতুর উভয়পাশে যানবাহনের লম্বা লাইন পড়েছিল। নষ্ট যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর থেকে সেতুর উভয়পাশে বর্তমানে কোনো সমস্যা নেই।” 

তিনি আরো বলেন, শুক্রবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। 

এর মধ্যে সেতুর পূর্বপাড় টোলপ্লাজা দিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখি ১৬ হাজার ২২২টি এবং উত্তরাঞ্চল থেকে ঢাকামুখি টোলপ্লাজা দিয়ে ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে বলে জানান তিনি।