ঝিনাইদহে বিএনপির দুপক্ষের পৃথক সংঘর্ষে আহত ৭
আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
ঝিনাইদহে কালীগঞ্জের কোলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছে।
শুক্রবার রাত ও শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মানিক চন্দ্র গাইন জানান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “কোলা বাজারের আধিপত্য বিস্তার নিয়ে কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য আব্দুল জলিলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে কোলা বাজারে শুকুরের সঙ্গে জলিলের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে জলিলের সমর্থকরা শুকুরকে কুপিয়ে যখম করে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়।”
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
“তাদের মধ্যে সিদ্দিক হোসেন নামের একজনের অবস্থা শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে শনিবার সকালে কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সারোয়ার মোল্লাকে পাশের জামাল ইউনিয়ন বিএনপির নেতা মো. হারুনের সমর্থকরা কুপিয়ে জখম করেছে বলে ওসি মানিক চন্দ্র গাইন জানিয়েছেন।
এ পুলিশ কর্মকর্তা বলছেন, “পূর্ব শত্রুতার জের ধরে হারুনের সঙ্গে সারোয়ারের বিরোধ ছিল। এরই জের ধরে কোলা বাজারের আধিপত্য নিয়ে বিরোধ তীব্র হয়।
“সকালে সারোয়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় হারুনের লোকজন তার উপর হামলা করে কুপিয় জখম করে। বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সারোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি মানিক।
সংঘর্ষের পর কোলা বাজারে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
