সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ওই শিশুদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে নয় মাস বয়সি আফরা সিলেট সদর উপজেলার বাসিন্দা তাজ উদ্দিনের মেয়ে। অপরজন আট মাস বয়সি সাফওয়ান একই জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মবু মিয়ার ছেলে।
এদিকে আগের ২৪ ঘণ্টার হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় আরও ১১৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৫৭ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৩১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে।
