২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসুর ভোটেও ‘ব্রেইল ব্যালট’ চান দৃষ্টিপ্রতিবন্ধীরা

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সীমিত সময়ের মধ্যে ব্রেইল ব্যবস্থা বাস্তবায়ন করা জটিল হয়ে যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

“একজন সুস্থ মানুষ খুব সহজেই গোপনীয়তা রক্ষা করে পছন্দের প্রার্থীকে নিশ্চিত ভোট দিতে পারেন। কিন্তু একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্যের সহায়তা নিতে হয়। এতে তি তার প্রকৃত গোপনীয়তা এবং মতামত প্রতিফলিত হয়?”

এভাবেই নিজের আক্ষেপ আর আশঙ্কার কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো. মহসিন। তিনি নিজেও এবার শিবির সমর্থিত `সমন্বিত শিক্ষার্থী জোট' থেকে জাকসু নির্বাচনে কার্যকরি সদস্য পদে প্রার্থী হয়েছেন।

ক্যাম্পাসজুড়ে এখন জাকসু নির্বাচনের উত্তাপ। হল, ডাইনিং, টুকটাক আড্ডা- সব জায়গায় নির্বাচনি আলোচনায় সরগরম শিক্ষার্থীরা। দৃষ্টিপ্রতিবন্ধীরাও এই উৎসবের মিছিলে নিজেদের শামিল করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘ব্রেইল ব্যালট’ বা ‘ব্রেইল ভোটিং’ ব্যবস্থার উদ্যোগ না নেওয়ায় তারা ক্ষুব্ধ। ক্যাম্পাসে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা ৭০ থেকে ৭৫ জন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যেই ডাকসু নির্বাচনে ব্রেইল ব্যালট চালুর ঘোষণা দিয়েছে। ফলে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মনে প্রশ্ন, তাদের আমাদের জন্য কেন নয়?

কমিশন একটি নির্বাচনি নির্দেশিকা তৈরি করেছে, যেখানে বলা আছে- শারীরিকভাবে অসমর্থ ভোটাররা রিটার্নিং অফিসারের সহায়তায় ভোট দিতে পারবেন, প্রয়োজনে অনুমোদিত পর্যবেক্ষকের সাক্ষ্যও রাখা হবে।

জাকসু নির্বাচনের প্রার্থীদের অনেকেই প্রশাসনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু বলছিলেন, “আমাদের প্যানেল থেকে একজন দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী রয়েছেন। আমরা চাই, দৃষ্টিপ্রতিবন্ধী ভোটাররা ব্রেইল পদ্ধতিতে যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন। অন্যথায় গোপনীয়তা, নিরপেক্ষতার প্রশ্ন থেকেই যাবে।”

অন্যদিকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমানের অভিযোগ আরও তীব্র, তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ব্রেইল ব্যালটের ব্যবস্থা করেনি। প্রশাসন এই বার্তাই দিচ্ছে যে, দৃষ্টিপ্রতিবন্ধীরা মানুষ নয়। তাদের ভোটের কোনো মূল্য নেই। অথচ বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র স্পষ্টভাবে বলে, প্রত্যেক শিক্ষার্থী সমান অধিকার ভোগ করবে। আমার প্রশ্ন হলো, এই গঠনতন্ত্র কি শুধুই কাগজে-কলমে?

তিনি বলেন, “প্রচারের সময় আমি এমন বহু দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা কষ্ট নিয়ে বলেছেন, নির্বাচনের দিন তারা অন্যের ওপর নির্ভর না করে ভোট দিতে পারবেন না। ভোটের গোপনীয়তা থাকবে না, স্বাধীনভাবে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার অধিকারও থাকবে না। তাহলে বৈষম্যহীন হল কীভাবে?”

শুধু প্রার্থীরাই নন, সাধারণ শিক্ষার্থী ও সংগঠনগুলোও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল ব্যালটের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। 

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মহসিন মনে করেন, “ব্রেইল ব্যালট রাখা এখন সময়ের দাবি। এটা চালু হলে আমাদের ভোটের স্বাধীনতা ও গোপনীয়তা দুইই নিশ্চিত হবে।”

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, এই নির্বাচন হবে ডিজিটাল পদ্ধতিতে। সীমিত সময়ের মধ্যে ব্রেইল ব্যবস্থা বাস্তবায়ন করা জটিল হয়ে যাবে। এ জন্য দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তির সহযোগিতা নিতে পারবেন।