চট্টগ্রামে বিষক্রিয়ায় ৯ মৃত্যু: ‘সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আলিমের’
স্বজনরা অভিযোগ করেছেন, ইয়ার্ডটিতে ন্যূনতম সুরক্ষা ও জরুরি উদ্ধার ব্যবস্থা ছিল না।
বিপদাপন্ন সহকর্মীর চিৎকার শুনে নিজের জীবনের পরোয়া না করে ছুটে গিয়েছিলেন আব্দুল আলিম। একজনকে নিরাপদে উদ্ধারও করেন। কিন্তু বিষক্রিয়ায় নিজে অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে মারা যান।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় শুক্রবার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত নয়জনের একজন পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা আবদুল আলিম (৩৫)।
তিনি উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলীর বড় ছেলে। তিনি বাবা-মা, স্ত্রী ও ছোট ছোট দুই সন্তান রেখে গেছেন।
পরিবার জানায়, প্রায় ১৬ বছর আগে উচ্চমাধ্যমিক পাস করে জাহাজভাঙা শিল্পে কাজ করতে চট্টগ্রামে যান আব্দুল আলিম। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ শুরু করেন। পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণ নিয়ে নিরাপত্তা ও পরিবেশ সহকারী হিসেবে পদোন্নতি পান।
আব্দুল আলিমের মরদেহ শনিবার বাড়িতে নিয়ে আসা হয়। পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
রোববার আব্দুল আলিমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা প্রতিনিয়ত পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন। বাড়ির ভেতর থেকে একটু পর পর কান্নার শব্দ ভেসে আসছে। চট্টগ্রাম থেকে যারা মরদেহ নিয়ে এসেছিলেন তারা চলে গেছেন।
আব্দুল আলিমের সহকর্মীদের বরাতে তার বাবা মোহাম্মদ আলী বলেন, “আলিম একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বিষাক্ত গ্যাসের প্রভাবে ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান। এমনটাই বলেছেন তার সহকর্মীরা।”
তিনি বলেন, “আমার ছেলেই ছিল পরিবারের মূল ভরসা। ছয় আর চার বছরের দুটো ছোট বাচ্চা রেখে গেছে। এখন এদের আহার কীভাবে জুটবে, ভবিষ্যত কী- কিছুই বুঝতে পারছি না।”
তবে স্বজনরা অভিযোগ করেছেন, ইয়ার্ডটিতে ন্যূনতম সুরক্ষা ও জরুরি উদ্ধার ব্যবস্থা ছিল না।
আব্দুল আলিমের প্রতিবেশী চাচা আকমল হোসেন বলেন, “গ্যাস নির্গমনের পর উদ্ধার পরিকল্পনায় ঘাটতি ছিল। সবচেয়ে ভয়াবহ বিষয়, দুর্ঘটনাস্থল থেকে বের হওয়ার ফটকটি তালাবদ্ধ রাখা হয়েছিল। সময়মত চিকিৎসা নিশ্চিত না করতে পারায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।
আরও পড়ুন:
