দীঘি-পুকুর থেকে ৫ টুকরো দেহাংশ উদ্ধার
“অন্য কোথাও হত্যার পর লাশ টুকরো করে কিছু অংশ এখানে এনে ফেলা হয়েছে।”
বরিশাল নগরীর কাশিপুরে পৃথক দুই পুকুর ও দিঘী থেকে মানুষের শরীরের পাঁচটি টুকরো উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠি এলাকার হাতেম মীরের দীঘি ও আলতাফ মিয়ার পুকুর থেকে শরীরের অংশগুলো উদ্ধার করা হয় বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার জানিয়েছেন।
তিনি বলেন, “হাতেম মীরের দীঘির পাড়ে এক শিশু খেলতে গিয়ে পায়ের কাটা অংশ দেখতে পায়। ওই শিশু বিষয়টি স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে পায়ের কাটা অংশ উদ্ধার করে।
“ওই অংশ নিয়ে রওনা হওয়ার সময় দীঘির পশ্চিম দিকে আলতাফ মিয়ার পুকুরে পলিথিনের প্যাকেটে আরও একটি অংশ ভেসে থাকতে দেখে সেটিও উদ্ধার করা হয়।”
শরীরের অংশগুলো বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, “এগুলো কোনো পুরুষের শরীরের অংশ। অন্য কোথাও হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনের মধ্যে ভরে কিছু অংশ এখানে এনে ফেলা হয়েছে।
“হাতের আঙ্গুল ও মাথা উদ্ধার না হওয়া পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যাবে না। অন্য অংশ এখানেই ফেলা হয়েছে কিনা সেটিও খুঁজে দেখা হচ্ছে। আপাতত তথ্য প্রযুক্তির সহায়তা গ্রহণ ও সিসি ফুটেজ দেখা হচ্ছে, সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কি-না।”
