নাটোরে গাড়িতে তুলে যুবককে ‘অপহরণের চেষ্টা’, খেলনা পিস্তলসহ আটক ২
প্রাইভেটকারটি জব্দ এবং গাড়িতে তল্লাশি চালিয়ে একটি খেলনা বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, বলছে পুলিশ।
নাটোর সদর উপজেলায় এক যুবককে অপহরণ চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কানাইখালি এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয় বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান।
আটকরা হলেন, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ওয়াদুদ হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে মো. রাব্বানী।
তাদের কাছ একটি প্রাইভেটকার ও একটি খেলনা পিস্তল জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ইফতে খায়ের আলম বলেন, “ফেইসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা নিয়ে ভুক্তভোগী ইমরান হোসেনের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনে আসামিরা। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।
“কানাইখালী এলাকায় এসে ইমরানের চিৎকার করলে বাজারের লোকজন প্রাইভেটকারটি আটকে ইমরানকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। এ সময় বাকি দুজন পালিয়ে যায়।”
পরে প্রাইভেটকারটি জব্দ এবং গাড়িতে তল্লাশি চালিয়ে একটি খেলনা বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গাড়ি থেকে পলাতক দুজনকে আটক করতেও পুলিশের অভিযান চলছে।
