২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়কে চলাচলরত যাত্রীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 09:37 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে দাঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিরুলিয়া সেতুর কাছে গিয়ে সড়কে অবস্থান নেন। পরে তারা পুনরায় বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে খাগান এলাকায় যান।

বেলা সাড়ে ১১টা দিকে আশুলিয়ার নলামে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। 

পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ডে কিছুক্ষণ সড়ক অবরোধ করে মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। 

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই এই কর্মসূচি পালন করছেন তারা। 

দুপুর পৌনে ১টার দিকে তাদের নবীনগর ত্রিমোড় এলাকায় মিছিল নিয়ে অবস্থান করতে দেখা গেছে। 

এদিকে একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল অ্যান্ড রিসার্চের (নিটার) পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে রাখেন। 

নিটার শিক্ষার্থীরা জানান, তাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন চলছিল। কিন্তু হঠাৎ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করে আহত করা হয়েছে। রাতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করা হয়েছে। এর বিচার চাই। 

অন্যদিকে বেলা ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। 

তারা থানা স্ট্যান্ডে এসে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী সার্ভিস লেনের পাশে সমাবেশ করেন। পরে তারা পুনরায় মিছিল নিয়ে মুক্তির মোড় ঘুরে কলেজের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।

একই দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে তারা জাবির অভিমুখে পদযাত্রা করে। 

এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকা অবরোধ করে রাখেন মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। 

বেলা দুইটার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র (বিপিএটিসি) কলেজ ও সাভার মডেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন।

অপরদিকে বেলা ১টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা এলাকায় সড়কে অবস্থান নিয়ে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা গেছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়কে চলাচলরত যাত্রীরা।