Published : 15 Jul 2026, 09:56 PM
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীতীরবর্তী জায়গা ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান।
জরিমানাপ্রাপ্ত আজিজুর রহমান লিটন এনসিপি জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক।
ভ্রাম্যমাণ আদালত জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় আজিজুরকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আজিজুর উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম উপস্থিত ছিলেন। তার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।