‘ডেভিল হান্ট’: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার।
এর আগে বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার দ্বীননাথপুর গ্রামের ছাত্রলীগ কর্মী আবির হাসান (১৯), আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৫৫) ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান (৫০), দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী নাসিরুল ইসলাম (২৭), জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি জহির হক (৪১) এবং দর্শনা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সোহেল রানা (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটকদের জেলার পাঁচটি থানায় হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
