২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় জুলাই তোরণে অগ্নিসংযোগে মামলা, আসামি ৭৫

মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের এজাহারভুক্ত ৩৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 04:48 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। 

বুধবার রাতে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের কর্মী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

ইমন ইসলাম (২২) পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতির পদ প্রত্যাশী বলে জানা গেছে।  

মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে জুলাইয়ের শহীদদের স্মরণে ও আহত যোদ্ধাদের সম্মানে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ওই দিন ও পরের দিন রাতে সেই তোরণে দুইদফা আগুন দেওয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুইপাশ পুড়ে যায়।

ওসি আইয়ুব আলী বলেন, ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগের সংবাদ-

টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের স্মরণে নির্মিত তোরণে ফের অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ