নোয়াখালীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সবার অগোচরে দুজন পুকুরে পড়ে যায়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান।
নিহতরা হলেন- একই ওয়ার্ডের মো. মাসুদের ছেলে মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭)।
স্থানীয়রা বলছে, বেলা সোয়া ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাদের পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। তখন সবার অগোচরে দুজন পুকুরে পড়ে যায়।
এক পর্যায়ে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি মু ফৌজুল আজিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
