চুয়াডাঙ্গায় পারদ চড়েছে ৪১ ডিগ্রিতে, অতিষ্ঠ জনজীবন
“যে রোদ, খোলা ভ্যানে যাত্রী উঠছে না। ফলে আমাদের উপার্জনও কমে গেছে।”
টানা কয়েকদিনের তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। চড়া তাপমাত্রায় দিনভর নাকাল হতে হচ্ছে মানুষজনকে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, রোববার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার হিসেবে যা তীব্র তাপপ্রবাহ।
তিনি বলেন, গত বুধবার থেকে একইভাবে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা; যা এই মৌসুমের সর্বোচ্চ। তার আগের দিন অর্থাৎ শুক্রবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এ দিন ৪১ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
রোববার সকাল থেকে চুয়াডাঙ্গার আকাশে ছিল ঝাঁঝালো রোদ। ৮টার পর থেকে সূর্যের তাপ সহ্য করা যাচ্ছিল না; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বেড়ে যায়।
এদিকে তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর ও রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। রোদের তাপে শহরের কোর্টরোড-বড়বাজার সড়কে পিচ গলে যেতে দেখা গেছে।
শহরের নতুন কারাগার এলাকার বাসিন্দা আজিবর হক ভ্যান চালাতে চালাতে এসেছিলেন শহরের শহীদ হাসান চত্বরে। সেখানে কথা হয় তার সঙ্গে।
আজিবর বলেন, “যে রোদ, খোলা ভ্যানে যাত্রী উঠছে না। ফলে আমাদের উপার্জনও কমে গেছে।”
গরমে অসুস্থ বোধ করছিলেন শহরের বাগানপাড়ার বাসিন্দা ইদ্রিস আলী। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, “যেহেতু তাপমাত্রা বেশি, তাই এই সময়ে বাইরে না আসার চেষ্টা করতে হবে। তরল খাবার ও ফলমূল খেতে হবে। ভাজা এবং বাসি খাবার খাওয়া যাবে না।”
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, “এ অবস্থা আরও দুদিন থাকতে পারে। বৃষ্টি হতে পারে ১৩ মে বা তারও পরে।”
