কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সাহেব বাড়ি মাঠে বুধবার বিকালে বিএনপি সমাবেশ ডেকেছিল; একই সময়ে সেখানে আওয়ামী লীগও সমাবেশ ডাকে।
একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ কর্মসূচি দেওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সাহেব বাড়ি মাঠ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বলেন, উপজেলার আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিএনপি নেতারা জানান, জ্বালানি তেল, পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় ওই মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। সমাবেশ উপলক্ষে মাঠে মঞ্চ নির্মাণও করা হয়।
স্থানীয়রা জানান, বিএনপির সমাবেশের ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগও একই সময়ে, একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয়। স্থানীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি আগেই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশের জন্য মঞ্চও নির্মাণ হয়েছে। কিন্তু বিএনপির সমাবেশ বানচাল করতেই আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডেকেছে। তারা পাল্টা সমাবেশ ডেকেছে যেন ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে সভা ডাকা হয়েছিল। তবে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় সভাটি বাতিল করা হয়েছে।
