২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

“সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। রান্নার জন্য আগুন জ্বালাতেই গ্যাস বিস্ফোরণ ঘটে।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 01:02 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ঢাকার সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একটি পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মণ্ডল মার্কেট সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণে জুয়েল আহমেদের দোতলা বাড়ির নিচ তলার দেয়াল ধসে পড়ে।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম এ তথ্য জানিয়েছেন।

দগ্ধরা হলেন- জাহানারা (৫০), জুয়েল (২২), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহুরুল ইসলাম (৩০)। 

এ পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে জাহানারার শরীরের ৬৮ শতাংশ এবং জুয়েলের ৬ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। 

সাভারের নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতলের ব্যবস্থাপক হারুন উর রশিদ বলেন, “দগ্ধ পাঁচজনকে প্রথমে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা বলছেন, জুয়েল মিয়ার বাড়ির কক্ষে গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। এ কারণে সকালে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে ও আগুন ধরে যায়। আগুনে দগ্ধসহ দেয়াল চাপা পড়ে পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

জিরাবো মডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, “সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। রান্নার জন্য আগুন জ্বালাতেই গ্যাস বিস্ফোরণ ঘটে। তবে সিলিন্ডারটি অক্ষত রয়েছে।”

বাড়ির কেয়ারটেকার শামীম মিয়া বলেন, “বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”