ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: চাচার মৃত্যুদণ্ড
মামলায় বলা হয়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন চাচা নুরুদ্দিন।
ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন দুই বছর আগের এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন জানান।
দণ্ডিত নুরুদ্দিন মোল্যা (৫৭) ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের বাসিন্দা।
রায় ঘোষণার সময় নুরুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের পাহারায় কারাগারে নেওয়া হয়।
সাজার পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ ভুক্তভোগী কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন চাচা নুরুদ্দিন মোল্যা। ওই সময়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।
পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। পরদিন তার বাবা কোতয়ালি থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, “একটি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে বয়স্ক চাচা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যা সমাজের জন্য হুমকি যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।”
