কাজিরহাট লঞ্চঘাটে নারীর ব্যাগে মিলল ৪৮ ভরির ২০০ স্বর্ণের আংটি
ওই নারী আংটিগুলো নিজের দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
পাবনার বেড়া উপজেলার লঞ্চঘাট থেকে ৪৮ ভরি ওজনের ২০০টি স্বর্ণের আংটিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার।
মঙ্গলবার সকালে আমিনপুর থানায় তার মামলা বিরুদ্ধে করা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মোছা. করুনা (২৫) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসহাক আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার পথে করুনার চলাচল সন্দেহজনক মনে হয় ঘাট কর্তৃপক্ষের। তিনি নিয়মিত লঞ্চঘাট দিয়ে পারাপার হলেও সোমবার তার আচরণে অসংগতি দেখা গেলে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়।
পরে কাজিরহাট নৌ-পুলিশ লঞ্চঘাটের পন্টুনে জনসম্মুখে করুনার ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। আংটিগুলো তুলা দিয়ে মোড়ানো ছিল; যাতে সহজে চোখে না পড়ে। ওই নারী আংটিগুলো নিজের দাবি করলেও তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে বলে ধারণা পুলিশের।
পুলিশ পরিদর্শক অরবিন্দ সরকার বলেন, আটক নারীর কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। পরে ঘটনাস্থলে একজন স্বর্ণকারকে ডেকে জনসম্মুখে সেগুলো পরীক্ষা ও ওজন করা হয়।
আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা; যার আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, ওই নারীর বিরুদ্ধে সকালে আমিনপুর থানায় মামলা করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
