ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২
ঝিনাইদহ শহর এবং গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়, বলছে র্যাব।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটকের খবর জানিয়েছে র্যাব।
সোমবার রাতে ঝিনাইদহ শহর এবং গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যার-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর নাঈম স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটকরা হলেন- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানিয়েছেন, তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হলে রাতে অভিযান শুরু করে র্যাব। রাতেই ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
গত ২১ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় ‘চরমপন্থি সংগঠন’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল হানিফ, তার শ্যালক লিটন হোসেন ও রাইসুল ইসলামকে।
সেদিন রাত ৮টার দিকে স্থানীয় শ্মশানঘাট এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সোমবার সকালে নিহত হানিফের ভাই মাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে ওই থানার ওসি মাসুম খান জানান।
