বেনাপোলে ২১ বছর আগের হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শ্যালক প্রিন্সের মোটরসাইকেল ছিনতাই করতে ২০০৪ সালে তাকে হত্যা করেন দুলাভাইসহ অন্য আসামিরা।
যশোরের বেনাপোলে সুজায়েতুজ্জামান প্রিন্স নামে এক যুবককে হত্যার ২১ বছর তার দুলাভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস বৃহস্পতিবার পুরনো এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রিন্সের দুলাভাই শার্শার আমতলা গাতীপাড়া গ্রামের মিজানুর রহমান মিজান, ঝিনাইদহের কালীগঞ্জের ভাটাডাঙ্গা গ্রামের ইকবাল হোসেন, বেনাপোল কাগজপুকুর গ্রামের সেকেন্দার ও একই গ্রামের জসিম।
রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রাজ্জাক বলেন, রায় ঘোষণার সময় মিজান ও সেকেন্দার আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অতিরিক্ত পিপি আব্দুর রাজ্জাক মামলার বরাতে বলেন, ২০০৪ সালের ২০ অগাস্ট নিজ বাড়ি পোড়াবাড়ি নারায়ণপুর গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ফেরেনি সুজায়েতুজ্জামান প্রিন্স। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরদিন সকালে ছোট নিজামপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রিন্সের মামা বখতিয়ার বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়েছিল, প্রিন্সের মোটরসাইকেলের প্রতি তার দুলাভাই মিজানের আগ্রহ ছিল। পরে তদন্তে মোটরসাইকেল ছিনতাই করতেই প্রিন্সকে হত্যার বিষয়টি উঠে আসে। তদন্ত কর্মকর্তা এসআই আফজাল হোসেন চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করলেন বিচারক।
