১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইটের পাঁজা ধসে পড়ল টিনের ঘরের ওপর, দম্পতির মৃত্যু

ওই ঘরের পাশে ইট রেখেছিলেন স্থানীয় এক ইটবালুর ব্যবসায়ী, নিষেধ করলেও তিনি ‘শোনেননি’।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:19 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির মধ্যে নরসিংদীতে ইটের পাঁজা ধসে টিনের ঘরের ওপর পড়ে বৃদ্ধ এক দম্পতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভীর আহমেদ জানান। 

নিহতরা হলেন ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

তাদের ছেলে ইব্রাহিম মিয়া জানান, তাদের টিনের ঘরের পাশেই পাঁজা করে ইট রাখা ছিল। ঝড়ের প্রভাবে টানা বৃষ্টি চলছিল। তাতে নিচের মাটি সরে গিয়ে ইটের পাঁজা ধসে ঘরের টিনের বেড়ার ওপর পড়ে। 

ভোরের ওই সময়টায় ঘরের ভেতর ফজরের নামাজ পড়ছিলেন ইব্রাহিমের বাবা-মা। ইটের স্তূপের চাপে বেড়া ভেঙে ঘরের ভেতর পড়লে তার নিচে চাপা পড়ে দুজনেই মারা যান। 

খবর পেয়ে আশপাশের লোকজন ইট সরিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায় বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন।

ইব্রাহিম মিয়া বলেন, তাদের ঘরের পাশে ইট রেখেছিলেন আক্কাছ ফকির নামের স্থানীয় একজন, যিনি ইটবালুর ব্যবসা করেন। 

“আমরা বারবার নিষেধ করলেও সে ঝুঁকিপূর্ণভাবে এভাবে ইট রেখেছে। তার কারণে আমি বাবা-মাকে হারালাম। আমি আইনি পদক্ষেপ নেব।”

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি।”