কিশোরগঞ্জে সংঘর্ষে কর্মী নিহতের ঘটনায় ২ যুবদল নেতা বহিষ্কার
শুক্রবার দুপুরে বৌলাই ইউনিয়নে চাঁদাবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে হিমেল নামে এক যুবক নিহত হন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কর্মী নিহতের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।
জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ শনিবার বলেন, ঘটনার পর পরই শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, “দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কর্মকাণ্ড ও অপকর্মের দায় দল বহন করবে না।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী আব্বাস রাজন ও এমদাদুল হক এমদাদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বৌলাই ইউনিয়নের বৌলাই পুরান বাজার এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আলী আব্বাস রাজন ও এমদাদ হোসেনের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইমরানুল হক হিমেল (২৪) নামে এক যুবদল কর্মী নিহত হন। আহত হন ২৫ জনের মত। এ সময় কমপক্ষে পাঁচটি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
