২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, বাড়িঘরে আগুন

চাঁদাবাজি ও মাদকদ্রব্য বিক্রির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

কিশোরগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।  

উপজেলার বৌলাই ইউনিয়নের পুরান বাজার এলাকায় এই সংঘর্ষ হয় বলে সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান। 

নিহত ইমরানুল হক হিমেল (২৪) ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের আপন ভাগনে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চাঁদাবাজি ও মাদকদ্রব্য বিক্রির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ হোসেনের সমর্থকদের মধ্য বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। 

এর জের ধরে দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অংশগ্রহণকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা ব্যবহার করে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ইমরানুল হক হিমেল গুরুতর আহত হন। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আলী আব্বাস রাজনের অনুসারী বলে জানা গেছে। 

গুরুতর আহত আরও দুইজন এই হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে।