১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ‘অপহৃত’ শিশু উদ্ধার,  যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার সকালে চিপস, চকলেট কিনে দেওয়ার নাম করে একমাত্র ছেলেকে অপহরণ করে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করেন শিশুর মা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 02:02 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

গোপালগঞ্জে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বেলা দুপুর ২টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান খন্দকার। 

শিশুটি কোটালীপাড়া উপজেলার এক দম্পতির একমাত্র সন্তান। গ্রেপ্তার হওয়া আমিরুল ইসলাম বাপ্পি ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সকালে দোকান থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবির পরে রাতে শিশুর মা বাদী হয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা করেন। 

মামলায় তিনি বলেন, আমিরুল ইসলাম তার স্বামীর খালাতো ভাইয়ের বন্ধু। কিছুদিন আগে আমিরুল তাদের বাড়িতে বেড়াতে এসে একদিন ছিলেন। পরে মঙ্গলবার রাতে আমিরুল আবার বেড়াতে আসে। 

পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিপস, চকলেট কিনে দেওয়ার নাম করে তাদের একমাত্র ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে সকাল ১১টার দিকে মোবাইলে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি থানা পুলিশকে জানাতে নিষেধ করে।

পরে কোনো কূলকিনারা না পেয়ে রাতে কোটালীপাড়া থানায় মামলা করেন তারা। 

কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খান বলেন, মামলার পরপরই শিশুটিকে উদ্ধারে রাতেই তার নেতৃত্বে পুলিশের একটি দল মাঠে নামে।

“তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ১২ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার দুপুর ২টার দিকে নাটোরের লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে অপহরণকারী আমিরুল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করি।”

ওসি হাফিজুর রহমান খন্দকার বলেন, অপহরণের ঘটনায় মামলা হওয়ার পরই আমরা বিষয়টি গুরুত্ব দিতে অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় ও শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলছে বলেও জানান ওসি।