সাকিকে সমর্থন দিয়ে সরলেন বিএনপির ‘বিদ্রোহী’ আব্দুল খালেক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি জোটের পক্ষে প্রার্থী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি জোটের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রার্থী হয়েছেন। যদিও মনোনয়ন বঞ্চিত হয়ে একাধিক বিএনপি নেতা সেখানে ‘বিদ্রোহী’ হয়েছেন।
তাদের একজন সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এতে জোনায়েদ সাকির নির্বাচনি মাঠের জটিলতা কিছুটা দূর হয়েছে বলে মনে করছেন ভোটাররা।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপি কমিটি কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টার পদ থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক এবং উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতির পদ থেকে মেহেদী হাসান ওরফে পলাশকে বহিষ্কৃত করে বিএনপি।
যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপরই আবদুল খালেককে সমর্থন দেন মেহেদী হাসান।
এদিকে আব্দুল খালেককে ডেকে নিয়ে মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকায় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ হয়। এরপরই নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর বিষয়ে গুঞ্জন শুরু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ডেকেছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে দলের সঙ্গেই আছি, একবার এমপিও ছিলাম। আরেকজনকে এখানে মেনে নিতে চাইছে না লোকজন, এটা জানিয়েছি।
“তারেক রহমান বলেছেন, আমরা সবাই মিলে সহায়তা করলে নির্বাচনটা ভালো হবে। তা না হলে মুশকিল হয়ে যাবে। তিনি সহযোগিতা কামনা করেছেন। আমাকে একটি সম্মানিত পোস্টে রাখবেন বলে জানিয়েছেন।”
আব্দুল খালেক বলেন, “দলের চেয়ারম্যান আমাদের সহযোগিতা চেয়েছেন। দলের সবাইকে একত্র করতে বলেছেন। তিনি যখন আদেশ দেন, সেটি মানতে হবে। তার কথা রাখতে হবে। তাকে সহায়তা করতে হবে।”
তিনি বলেন, “আমি এলাকায় যাচ্ছি। নেতাকর্মীসহ লোকজনের সঙ্গে কথা বলব। তাদেরকে বোঝানোর চেষ্টা করব। দলের বাইরে গিয়ে তো আর পারা যাবে না। দলের প্রধানকে সম্মান করতেই হবে।”
জোনায়েদ সাকিসহ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতে ইসলামীর মো. মহসীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিএনপি নেতা মো. সাইদুজ্জামান কামালসহ ১০ প্রার্থী।
