স্ত্রীকে ‘হত্যা করে’ লুকিয়ে ছিলেন টয়লেটে, পরে গ্রেপ্তার
“জহির ও রোকেয়ার মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত।”
পারিবারিক কলহের জেরে জয়পুরহাটে সদর উপজেলায় এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
উপজেলার বড় তাজপুর গ্রামে থেকে শনিবার সকালে তাকে আটক করা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী রোকেয়া বেগম ওই গ্রামের অম্পা মণ্ডলের ছেলে ৫২ বছর বয়সী জহির উদ্দিনের স্ত্রী।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি তামবীরুল বলেন, “জহির ও রোকেয়ার মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত।
এর জেরে শুক্রবার রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে জহির স্ত্রী রোকেয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে জহির বাড়ির টয়লেটে লুকিয়ে থাকে। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে জহিরকে গ্রেপ্তার করে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
