২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিয়ে বাড়িতে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে আহত ১৫

শালিস বৈঠকের মধ্যেই উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে, স্থানীয়রা বলছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 04:07 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচগান চলাকালে মেয়েদের উত্ত্যক্ত করার জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।   

এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় দোকান ও বসতবাড়ি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এ সংষর্ষ ঘটে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

পুলিশ ও এলাকাবাসী বলছে, বুধবার রাতে মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। মস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাগর বেপারী গ্রুপ ও উত্তর খাগছাড়া গ্রামের হাকিম কাজী গ্রুপের দুই দল কিশোর সেখানে যান। এ সময় সেখানে মেয়েদের উত্যক্ত করার অভিযোগে ওই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে বৃহস্পতিবার বিকালে উভয় পক্ষের লোকজনসহ গণমান্য ব্যক্তিবর্গ উত্তর খাকছাড়া নতুন বাজারে সালিশ-মিমাংসার জন্য বসেন।

শালিস বৈঠকের মধ্যেই উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে উত্তর খাগছাড়া ও সুচিয়ার ভাঙ্গা দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই সঙ্গে ভাঙচুর করা হয় অন্তত ১০টি দোকান ও বসতবাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি অনুকূলে আছে। আপাতত ওই এলাকায় সমস্যা নেই। এ ঘটনায় অভিযোগ দিলে, মামলা নেওয়ার মতো হলে নেব।”