২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জামালপুরে জামায়াত প্রার্থীর গণসংযোগে যুবদলের হামলা, আহত ১০

আগে জামায়াতের নেতাকর্মীরা তাদের এক নেতাকে আঘাত করেছেন, পাল্টা অভিযোগ যুবদলের।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 07:02 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনি গণসংযোগে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে।  

শনিবার দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় বাজারে এ হামলায় জামায়াতের অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হয়েছে বলে দলের নেতারা দাবি করেছেন। 

অপরদিকে যুবদল পাল্টা হামলার অভিযোগ করে বলেছে, আগে জামায়াতের নেতাকর্মীরা তাদের এক নেতাকে আঘাত করেছেন।

জামালপুর-৫ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তারের অভিযোগ, দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনি গণসংযোগ শুরু করেন। বানারেরপাড় বাজার এলাকায় পৌঁছলে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলুর নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের অন্তত ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তারা স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বানারেরপাড় বাজারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। 

সদর উপজেলা জামায়াতের সাবেক আমির শরিফুল ইসলাম প্রতিবাদ সমাবেশে দাবি করেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারের সময় যুবদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়।  এতে জামায়াতের কর্মী পাবলু, মোতালেব, শাহীন, খাবিরুল ইসলাম ও আবুল কালামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পর একই এলাকায় পাল্টা বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে রানাগাছা ইউনিয়ন যুবদল। 

সমাবেশে রানাগাছা ইউনিয়ন যুবদলের সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলুর বিরুদ্ধে জামায়াতের আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়। 

ইউনিয়ন যুবদলের সভাপতি রিজভী আহমেদ জুয়েল বলেন, জামায়াতের নেতা-কর্মীরা প্রথমে যুবদলের এক নেতাকে আঘাত করলে ঘটনার সূত্রপাত হয়।

সদর থানার ওসি অপারেশন নুর মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।