চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহতের খবর
আহতের পিঠে ছররা গুলির অনেক ক্ষতচিহ্ন পেয়েছে চিকিৎসক।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে বাংলাদেশি এক কৃষক আহতের খবর পাওয়া গেছে। আহতের পিঠে ছররা গুলির অনেক ক্ষতচিহ্ন পেয়েছে চিকিৎসক।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।
আহত আজাদ হোসেন (৩০) নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা ভর্তি করা হয়।
আহত আজাদ হোসেন বলেন, ঘটনার দিন বিকালে নতুনপাড়া সীমান্তের নিজেদের আমবাগানে গিয়েছিলেন তিনি। এ সময় সেখান থেকে কয়েকজনকে পালিয়ে যেতে দেখেন তিনি। তার পরপরই ছররা গুলিতে আহত হন তিনি।
যারা পালিয়ে গেছেন, তাদের উদ্দেশে বিএসএফের ছোড়া ছররা গুলিতে আজাদ আহত হন বলে দাবি করেছেন।
ঘটনাটি শোনার কথা জানিয়ে ওসি সোলায়মান শেখ বলেন, এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট এহসানুল হক তন্ময় বলেন, আজাদের হাত ও পিঠে বেশ কিছু ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এগুলো ছররা গুলির ক্ষত হতে পারে। তবে তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত।
