টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ২১
বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান চিকিৎসক।
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন; যাদের মধ্যে ২১ জন হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার সকালে ফাইসন্স রোড এলাকায় ড্রেসম্যান ফ্যাশনস ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনার পর সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। দুপুরের দিকে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অসুস্থদের মধ্যে ২১ জন টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অসুস্থ শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন তারা। একে একে ৫৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৩৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন।
ওই কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা সৈয়দ রেজাউল হক বলেন, সকালে কাজ শুরুর দেড় ঘণ্টা পর থেকে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, ২১ নারী শ্রমিক বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।
