Published : 09 Dec 2025, 06:06 PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-বেরোবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-ব্রাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেইটে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা ও শাখা ছাত্রশিবিরের সভাপতি সুমন সরকার।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ২০২০-২১ সেশনের স্নাতকের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের (১৩তম ব্যাচের) শিক্ষার্থী মেহেদী হাসান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের বায়েজিদ শিকদার।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, সাহিত্য ও সংস্কৃতি পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ফাতিহুল হক শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ, কার্যনির্বাহী সদস্য পদে বায়েজিদ বোস্তমী, আল হুমায়রা ঐশী এবং মরিয়ম জামিলা প্রার্থী হয়েছেন।
হল সংসদে ‘বিজয় ২৪ হলে’ ভিপি পদে আব্দুল মজিদ, জিএস পদে নেজাজ, এজিএস পদে আব্দুল আহাদের নাম ঘোষণা করা হয়।
শহীদ মুখতার এলাহী হলে ভিপি পদে শাকিব আল হাসান, জিএস পদে মুশফিক রহমান শুভ এবং এজিএস পদে কাইয়ুম উদ্দিন প্রার্থী হয়েছেন।
এ ছাড়া মেয়েদের ‘শহীদ ফেলানী’ হলে ভিপি পদে সানজিদা ইসলাম, জিএস পদে সুমাইয়া তাহরীমা শিথিল এবং এজিএস পদে জেসমিন আক্তার প্রার্থী হয়েছেন।
ভিপি প্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, “শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও ক্লাসরুম সংকটসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান। আমরা প্রধান সমস্যাগুলো থেকে শুরু করে পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
“জুলাই আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদসহ যারা নিহত হয়েছেন, এখনও তাদের গণহত্যাকারীদের বিচার হয়নি। আমরা সেদিকেও ফোকাস রাখব এবং শিক্ষার্থীদের জন্য কাজ করতে আমাদের চমকপ্রদ কিছু ইশতেহার থাকবে।”
তফসিল অনুযায়ী ৪ ও ৭ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
ডোপ টেস্টের প্রতিবেদনসহ ৮ ও ৯ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও দাখিল এবং ১০ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
১১ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বলে নতুন তফসিল বলা হয়েছে। একইদিন ভোট গণনা শেষে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ব্রাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার, তফসিল পরিবর্তন
ভোটার তালিকায় ত্রুটি, ব্রাকসু ভোটের কার্যক্রম স্থগিত ঘোষণা কমিশনের
বেরোবির প্রথম সমাবর্তন ও 'ব্রাকসু'র নির্বাচন ঘিরে ছুটি পুনঃনির্ধারণ