নেত্রকোণায় ২ সাংবাদিককে পিটিয়ে জখম, যুবক আটক
আহতদের মধ্যে একজন যুগান্তর এবং অপরজন ইত্তেফাকের খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় দুই সাংবাদিকে ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বালুচর এলাকায় মোল্লা সিটি মার্কেটের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে জানান খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন তালুকদার।
আহতদের মধ্যে যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম তলুকদারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত ইত্তেফাকের প্রতিনিধি মো. মহসিন মিয়া নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি আছেন।
আটক আজিজুল ইসলাম (৩২) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিতু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে শফিকুলসহ তিন সাংবাদিক ও কয়েকজন হাসপাতালের পাশে চায়ের দোকানের সামনে বসে আলাপ করছিলেন। এ সময় কয়েকজন যুবক দেশি অস্ত্র নিয়ে শফিকুল ও মহসিনের ওপর হামলা চালায়।
লাঠির আঘাতে শফিকুলের মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আর মহসিন বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বৃহস্পতিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ মুসা জানান, শফিকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তার মাথায় আটটি সেলাই পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া অপর আহত মহসিনকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আহত সাংবাদিকরা জানান, তারা কয়েকজন চায়ের দোকানের সামনে বসে কথা বলছিলেন। হঠাৎ ছয়-সাতজন এসে তাদের ওপর হামলা চালায়। তবে কী কারণে, কেন তাদের ওপর হামলা চালানো হয়েছে, তা জানেন না। হামলাকারীদের মধ্যে দুইজনকে চিনতে পেরেছেন তারা।
ওসি মকবুল হোসেন তালুকদার জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুলকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
