২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-৩: বিএনপির এম এ মালিকের মনোনয়নপত্র স্থগিত

ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

একইসঙ্গে এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার সকালে যাছাই-বাছাই শেষে মালিকের মনোনয়নপত্র স্থগিত করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি সাংবাদিকদের বলেন, “দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাছাই-বাছাই শেষে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।”

দুটি মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। গত বছর ৫ অগাস্টে পটপরিবর্তনের পর তিনি দেশে আসেন। 

নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ বলেছেন মালিক। আর পেশার ঘরে লিখেছেন ‘কিছুই না’। পেশা ‘কিছুই না’ হলেও মালিকের কাছে বড় অংকের নগদ টাকা রয়েছে।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার কাছে বাংলাদেশি দুই লাখ টাকা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার ও ছয় হাজার ৭১০ বৃটিশ পাউন্ড রয়েছে।

তিনি আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজা টাকা আয়। আর বিদেশে নির্ভশীলরা একই খাত থেকে আয় ২০ হাজার পাউন্ড আয় করেন।

এমএ মালিকের নিজের নামে রাজধানীর বনানীতে অ্যাপার্টমেন্ট রয়েছে। আর গ্রামের বাড়িতে রয়েছে যৌথমালিকানার বাড়ি।